নিজস্ব ব্যবস্থাপনায় উড়োজাহাজের ‘সি-চেক’ করে বিমানের ২০ কোটি টাকা সাশ্রয়

13 December 2022

প্রেস রিলিজ

তারিখ: ১৩ই ডিসেম্বর ২০২২খ্রি.

 

নিজস্ব ব্যবস্থাপনায় উড়োজাহাজের ‘সি-চেক’ করে বিমানের ২০ কোটি টাকা সাশ্রয়

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তর নিজস্ব জনবল দ্বারা ঢাকায় বিমান হ্যাংগারে গত এক বছরে চারটি বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজের সি-চেক সফলভাবে সম্পন্ন করার পর নিজস্ব ব্যবস্থাপনায় সম্প্রতি আরও একটি বোয়িং ৭৮৭-৯  উড়োজাহাজের (সোনারতরী) সি-চেক মাত্র ১০ দিনে  (০৪-১২-২০২২ হতে ১৩-১২-২০২২ খ্রি.) সফলভাবে সম্পন্ন করেছে। এর ফলে উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ব্যয় বাবদ বিমানের প্রায় দুই মিলিয়ন ‍ইউএস ডলার সমপরিমান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয়েছে যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা। বিমানের সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব শফিউল আজিম সহ উর্ধতন কর্তৃপক্ষ আজ ১৩ই ডিসেম্বর ২০২২ তারিখ বিমান হ্যাংগারে সি-চেক সম্পন্নকৃত বোয়িং ৭৮৭-৯  উড়োজাহাজ পরিদর্শন করেছেন। ‍

 

পূর্ব নির্ধারিত রক্ষণাবেক্ষণ পরিকল্পনা অনুযায়ী অন্য আরেকটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজের (অচিন পাখি)  সি-চেকও আগামী ১৫-১২-২০২২ হতে ২৪-১২-২০২২ খ্রি. তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য সমস্ত প্রস্তুতি  বিমান ইতোমধ্যেই  গ্রহণ করেছে । উল্লেখ্য বিমান প্রকৌশল পরিদপ্তর বিমান বহরের সকল উড়োজাহাজের ‘A’ ও ‘C’ চেক নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব জনবল দ্বারা বিমান ইঞ্জিনিয়ারিং হ্যাংগারে সম্পন্ন করে থাকে।  

// //